দেশজুড়ে

উদ্বোধনের আগের দিন বাতিল হলো বইমেলা

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উদ্বোধনের আগের দিন সপ্তাহব্যাপী বইমেলার অনুমতি বাতিল করেছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলা শুরুর কথা ছিল।

প্রকাশক পরিষদের আয়োজনে বইমেলার উদ্বোধন করার কথা ছিল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের। বইমেলার অনুমতি বাতিলের বিষয়টি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

এদিকে, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়টি স্পষ্ট করা না হলেও মেলায় অংশ নেওয়া কয়েকজন প্রকাশকের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে মেলা বন্ধের দাবিতে প্রচারণা চালাচ্ছিল একটি পক্ষ।

Advertisement

আয়োজকরা জানিয়েছে, পুলিশের অনুমতি পাওয়ার পর শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণ, সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানও সিলেটে এসে পৌঁছেছে। কিন্তু মেলা শুরুর প্রায় ১৫-১৬ ঘণ্টা আগে অনুমোদন বাতিল করেছে পুলিশ। এতে তিন-চার লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বলেন, মেলা স্থগিতের পেছনে একটি পক্ষের অভিযোগ কাজ করেছে। সিলেটের একটি গ্রুপ মেট্রোপলিটন পুলিশে দরখাস্ত জমা দিয়েছে। যেখানে আয়োজক পরিষদের মধ্যে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ ব্যক্তিরা যুক্ত বলে দাবি করা হয়।

তিনি আরও বলেন, ‘মেলার প্রাথমিক আয়োজন ও প্রচারণার পেছনে ইতোমধ্যে প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয় হয়েছে। স্টল তৈরির কারিগরদের অগ্রিম টাকা পরিশোধ ও সাউন্ড সিস্টেম বুকিং দেওয়া হয়েছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার পূর্বে অনুমোদন বাতিল করা হয়েছে। তবে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

Advertisement

আহমেদ জামিল/এএইচ/এএসএম