দেশজুড়ে

মামলার জেরে বাদীর পরিবারের ওপর হামলা, আহত ৭

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি কাজের অনিয়ম নিয়ে আদালতে মামলা করায় বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই নারীসহ একই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, তিস্তা সেচ ক্যানেলের সংস্কার কাজে নানা অনিয়মের অভিযোগ তুলে গত ১৭ মার্চ স্থানীয়রা মানববন্ধন করেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন সংশ্লিষ্ট ঠিকাদার ও তার সহযোগীরা। মানববন্ধনে নেতৃত্ব দেওয়া সোনাবাবু (২৪) নামে এক যুবককে নিয়মিত হুমকি ও হয়রানি করা হচ্ছিল। এর প্রতিকার চেয়ে সম্প্রতি আদালতে তিনি মামলা করেন।

Advertisement

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা করার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। গতকাল রাতে সোনাবাবুর ভাইয়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তিনি আহত হলে স্থানীয়রা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে তাকে দেখতে গেলে সেখানেও হামলা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে একই পরিবারের সাতজনকে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঠিকাদারের মুঠোফোনে একাধিক কল দিলেও রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমিরুল হক/এএইচ/এএসএম

Advertisement