দেশজুড়ে

বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই নজরুল ইসলামকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরা নজরুল ইসলাম ও তার ছেলে অভিকে (২৮) ধাক্কা দিয়ে ফেলে দেন। এসময় নজরুল ও মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুলের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেই হাসপাতালে নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়।

Advertisement

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

মো. সজল আলী/এনএইচআর