রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকারকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আদালত এ আদেশ দেন।
Advertisement
আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম (৪২) এবং কেয়ারটেকার মো. চান মিয়াকে (৪৬)দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রথম দফার রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
এর আগে, গত ১৯ এপ্রিল ঠাকুরগাঁও থেকে মহিদুল ইসলাম এবং ঢাকার ভাষানটেক এলাকা থেকে চান মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ এপ্রিল আদালত প্রথম দফায় তাদের চার দিন করে রিমান্ডে পাঠান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।
এমডিএএ/এনএইচআর
Advertisement