দেশজুড়ে

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। আহত হন ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম