ধর্ম

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তাওয়াফ করা যাবে?

প্রশ্ন: সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ আদায় করা নিষিদ্ধ বলে জানি। এই দুই সময় কি তাওয়াফ করাও নিষিদ্ধ?

Advertisement

উত্তর: সূর্যাস্ত, সূর্যোদয়ের সময়সহ নামাজের নিষিদ্ধ ও মাকরুহ অন্যান্য সময়ে তাওয়াফ করা জায়েজ। তাই সূর্যোদয় বা সূর্যাস্তের সময় তাওয়াফ করতে সমস্যা নেই। তবে এ সময়গুলোতে তাওয়াফ করলেও তাওয়াফ পরবর্তী দুই রাকাত নামাজ আদায় করা যাবে না। নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময় অতিবাহিত হওয়ার পর ওই দুই রাকাত নামাজ পড়ে নিতে হবে।

নামাজের মাকরুহ ও নিষিদ্ধ সময় থেকে বাঁচার জন্য তাওয়াফের নামাজে কিছুটা বিলম্ব করা যেতে পারে। আতা (রহ.) থেকে বর্ণিত ওমর (রা.) একদিন ফজরের পর তাওয়াফ করে যুতুয়া নামক স্থানে চলে যান। সূর্য উদিত হয়ে ওপরে উঠে যাওয়ার পর তিনি তাওয়াফের দুই রাকাত নামাজ পড়েন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৩৪২৬)

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, ফজর বা আসরের পর তাওয়াফ করতে পারো তবে নামাজ পরে পড়বে। সূর্য অস্ত যাওয়া বা উদিত হওয়ার পর প্রত্যেক তাওয়াফের জন্য দুরাকাত করে পড়ে নেবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৩৪২৪)

Advertisement

ভুল করে নামাজের নিষিদ্ধ সময় যেমন সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় তাওয়াফের নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না, বরং পুনরায় আদায় করা জরুরি। আর নামাজের মাকরুহ সময় যেমন আসরের পর কেউ যদি তাওয়াফের নামাজ শুরু করে, তাহলে ভুলের কথা স্মরণ হওয়ার সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে। কেউ যদি মকরুহ সময়ে দুই রাকাত নামাজ পড়ে ফেলে, তাহলে নামাজ হয়ে যাবে, তবে তা পুনরায় আদায় করা উত্তম।

হারামের সীমার বাইরে তাওয়াফের নামাজ পড়া মাকরুহ; কিন্তু কেউ পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে।

ওএফএফ

Advertisement