আন্তর্জাতিক

তৃণমূল কংগ্রেসের প্রচারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী

প্রথম দফার নির্বাচন শেষ। এবার শেষ দফার নির্বাচন। আগামী ২৯ এপ্রিল শেষ দফায় ১৪২ আসনে ভোট নেওয়া হবে। এই দফার নির্বাচনী প্রচারণার শেষ দিন আগামী ২৭ এপ্রিল। ফলে হাতে সময় মাত্র দুই দিন। ডান-বাম কেউই সময় নষ্ট না করে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। প্রার্থীরা যেমন দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ করছেন, তেমনি প্রার্থীদের সমর্থনে তারকা ক্যাম্পেইনাররাও পথে নেমেছেন।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) ছুটির দিন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তার সমর্থনে নির্বাচনী প্রচারে রোড শো করেছেন বিশিষ্ট অভিনেত্রী মন্দাকিনী।

ভাটপাড়া কাছারি রোড মোড় থেকে শুরু হয় রোড শো। তৃণমূল প্রার্থীকে সাথে নিয়েই প্রচারে ছিলেন মন্দাকিনী। তাকে দেখতে রাস্তার দু'পাশে মানুষ ভিড় করে।

অভিনেত্রীকে সামনে পেয়ে তার ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনীকে দেখে ফুল ছিটিয়ে স্বাগত জানান তার ভক্তরা। প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Advertisement

পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে অভিনেত্রী মন্দাকিনী বলেন, আমার খুব ভালো লাগছে। যা হবে ভালো কিছুই হবে। অমিত গুপ্তাকে সমর্থন জানাতে আমি এখানে এসেছি। এত সুন্দর পরিবেশ এত সুন্দর জনগণের উৎসাহ দেখে মনে হচ্ছে উনি জিতে যাবেন। এরপর জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায় মন্দাকিনীকে।

ডিডি/টিটিএন