বিনোদন

দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

 

তরুণদের ব্যাচেলর জীবন, বন্ধুত্ব, প্রেম, হাসি-ঠাট্টা আর নানা বাস্তব ঘটনার মিশেলে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির এই নাটকটি শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সময়ের সঙ্গে নাটকের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দর্শকদের চাহিদায় একের পর এক নির্মিত হয়েছে এর একাধিক সিজন। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন চলমান রয়েছে।

Advertisement

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য এবার ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। বিশেষ ঈদ পর্বের শুটিংয়ের জন্য দেশের বাইরে গিয়েছে পুরো ইউনিট। আজ সকালে নাটকের শিল্পী ও কলাকুশলীরা নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। জানা গেছে, আগামী আট দিন সেখানে টানা শুটিং চলবে।

নেপালের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ এবং নতুন লোকেশন ঘিরে নির্মিত হবে ঈদের বিশেষ কয়েকটি পর্ব। নির্মাতা সূত্রে জানা গেছে, এবার দর্শকরা গল্পে যেমন নতুনত্ব পাবেন, তেমনি দৃশ্যায়নেও থাকবে বাড়তি চমক।

‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম প্রচারে আসে ২০১৭ সালে চ্যানেল নাইনে। পরে নাটকটি বাংলাভিশনে সম্প্রচারিত হয়। টেলিভিশনে প্রচারের পাশাপাশি প্রতিটি পর্ব ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হতো, যেখানে নাটকটি কোটি কোটি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়ে।

Advertisement

২০২২ সালের শেষ দিকে নাটকটির চতুর্থ সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। এরপর বিরতি কাটিয়ে আবারও নতুন গল্প নিয়ে শুরু হয় পঞ্চম সিজন।

আরও পড়ুন:বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি নতুন পরিচয়ে আরশ খান 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেকে।

এমআই/এমএমএফ

Advertisement