বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও ফিরছে বড় পর্দায়- এমন খবরে উচ্ছ্বসিত দর্শকরা। দীর্ঘ ১৭ বছর পর এই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল তৈরির বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খান।
Advertisement
রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। র্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু, ফারহান ও পিয়ার মতো চরিত্রগুলো আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। চিত্রনাট্যও তার পছন্দ হয়েছে বলে জানান তিনি। যদিও শুটিং শুরু বা মুক্তির নির্দিষ্ট সময় নিয়ে এখনই কিছু বলতে চাননি অভিনেতা।
আমির বলেন, গল্পটি আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে নতুন মাত্রা যুক্ত হবে। প্রথম ছবির মতোই এতে থাকবে হাস্যরস ও ছকভাঙা গল্পের উপাদান। জানা গেছে, সিক্যুয়েলের গল্প প্রায় ১০ বছর এগিয়ে যাবে।
Advertisement
নিজের জনপ্রিয় চরিত্র র্যাঞ্চোতে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন এই তারকা। তার ভাষ্য, খুব শিগগিরই ছবির কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি গল্পকারদের কাজ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সিনেমাটির মূল অভিনয়শিল্পীদের-কারিনা কাপুর, আর. মাধবন ও শরমন যোশি- ফের একসঙ্গে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অর্থাৎ পুরনো টিম নিয়েই ফিরতে পারে নতুন অধ্যায়।
ধারণা করা হচ্ছে, র্যাঞ্চো ও পিয়ার বিয়ের পরবর্তী জীবন থেকেই শুরু হতে পারে গল্প। পাশাপাশি নতুন অ্যাডভেঞ্চারে দেখা যাবে র্যাঞ্চো-রাজু-ফারহান ত্রয়ীকে।
এদিকে শোনা যাচ্ছে, এই সিক্যুয়েলের কাজ এগিয়ে নিতে অন্য একটি বায়োপিক প্রকল্প আপাতত স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি।
Advertisement
প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। পুরনো টিমের পুনর্মিলন নিয়ে এরই মধ্যে দারুণ উচ্ছ্বাস বিরাজ করছে সংশ্লিষ্টদের মধ্যে।
আরও পড়ুন:নোরার গানের ঝড়ে বিপাকে সঞ্জয়, কমিশনে হাজিরা সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন যে বলিউড তারকারা
সব মিলিয়ে, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল ঘিরে বলিউডে ফের শুরু হয়েছে নতুন উত্তেজনা। দর্শকরাও অপেক্ষায়-আবার কবে বড় পর্দায় ফিরবে সেই চেনা র্যাঞ্চো-ফারহান-রাজুর বন্ধুত্বের গল্প।
এমএমএফ