দেশজুড়ে

ব্রিজে উঠতেই বজ্রপাতে প্রাণ গেলো লবণচাষির

কক্সবাজার সদরে বজ্রপাতে রমিজ উদ্দিন (৪৫) নামের এক লবণচাষির মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের খুরুশকুল-চৌফলদন্ডী ব্রিজ এলাকায় লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পালাকাটা (বটতলীপাড়া) এলাকার অছিয়র রহমানের চতুর্থ ছেলে। তিনি চার সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন ফরাজী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, নিহত রমিজ পেশায় একজন কৃষক ছিলেন। ধান চাষের পাশাপাশি গ্রীষ্মে লবণ চাষও করতেন। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় রমিজ পার্শবর্তী ইউনিয়নে লবণ মাঠে যান। সেখানে মাঠ থেকে ব্রিজে ওঠার সময় তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

Advertisement