আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ইসির পাঠানো ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ নিয়ে তুলকালাম

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। দক্ষিণ ২৪ পরগনায় ভারতীয় নির্বাচন কমিশনের ‘পুলিশ পর্যবেক্ষক’ হিসেবে নিযুক্ত অজয় পাল শর্মার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে সরাসরি এক তৃণমূল প্রার্থী ও তার অনুগামীদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

Advertisement

কে এই অজয় পাল শর্মা?

২০১১ ব্যাচের উত্তর প্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য ‘সিংঘাম’ নামে পরিচিত। বর্তমানে প্রয়াগরাজের এসিপি হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে ভারতীয় নির্বাচন কমিশন অত্যন্ত সংবেদনশীল দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাঠিয়েছে, যা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই কর্মকর্তা উত্তর প্রদেশে একাধিক এনকাউন্টারের জন্য আলোচিত ও সমালোচিত।

ভাইরাল ভিডিও ও বিতর্ক

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি ও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনীসহ উপস্থিত হয়েছেন অজয় পাল শর্মা। স্থানীয়দের কাছ থেকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে হিন্দিতে বলেন, ‘আশেপাশের সবাই ভালো করে বুঝে নেন, কেউ বদমায়েশি করলে তার কড়া চিকিৎসা করা হবে। যদি খবর পাই কেউ কাউকে বিরক্ত করার চেষ্টা করছে, তবে ফল ভালো হবে না।’

এরপর জাহাঙ্গীর খানের বাড়ির দিকে ফিরে বলেন, ‘জাহাঙ্গীরের বাড়ির লোকদেরও বলে দিচ্ছি—বারবার খবর আসছে জাহাঙ্গীরের লোকজন ভয় দেখাচ্ছে। এমনটা চললে কঠোর ব্যবস্থা নেব। পরে যেন কাঁদতে বা অনুতাপ করতে না হয়।’

Advertisement

তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, বিজেপিকে সুবিধা করে দিতেই শর্মা বেআইনিভাবে তার পরিবার ও নিরাপত্তা রক্ষীদের হুমকি দিচ্ছেন।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপি দাবি করেছে, যারা ‘বেশি বুদ্ধি’ দেখাবে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জাহাঙ্গীর খানকে ‘ভাইপোর অনুচর’ বলে উল্লেখ করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ নয়।’ নির্বাচন কমিশনের পর্যবেক্ষককে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে দলটি জানিয়েছে, যদি কোনো অসাংবিধানিক বা বেআইনি কাজ করা হয়, তবে তারা অজয় পাল শর্মাকে আদালতে টেনে নিয়ে যাবে।

অখিলেশ যাদবের আক্রমণ

তৃণমূলের পাশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অজয় পাল শর্মাকে বিজেপির ‘পরীক্ষিত এজেন্ট’ বলে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কর্মকর্তার ছদ্মবেশে থাকা এসব বিজেপি এজেন্টদের পালানোর পথ দেওয়া হবে না। সময়মতো এদের খুঁজে বের করে গণতন্ত্রের অপরাধী হিসেবে শাস্তি দেওয়া হবে।’

Advertisement

ডিডি/কেএএ/