কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সাধারণ সদস্যদের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা পরিচালনা করেন বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন। যদিও আগে থেকেই তফসিল অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচনের দিন ঠিক করা রয়েছে।
সভায় সমিতির সদস্যরা বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে ২০২৫ সালের সরকারি গেজেট ও ২০২৬ সালের আইন অনুসারে আওয়ামী লীগ সমর্থকরা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অযোগ্য।
Advertisement
নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে আগামী এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা আট হাজারের বেশি।
এফএইচ/এমএমকে