শিক্ষা

প্রথম ধাপে বিনামূল্যে স্কুল ড্রেস পাবে ৩৫২২ স্কুলের শিক্ষার্থী

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে।

Advertisement

আগামী জুলাইয়ে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া উদ্বোধন করা হবে। প্রথম ধাপে দেশের আটটি বিভাগের ২৫টি উপজেলা বা থানার তিন হাজার ৫২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক লাখ শিক্ষার্থী।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানানো হয়।

সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এখানে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকের সভায় আমাদের ব্যবসায়ীরা ছিলেন। বিজিএমইএ আমাদের এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরকম আরও সহযোগিতা পেলে আমরা সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে স্কুল ড্রেস দিতে পারবো।

Advertisement

কবে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমরা জুলাই থেকে এটা শুরু করবো। এটা পাইলট প্রোগ্রাম। প্রথমে আটটি বিভাগেরই সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের পর আমরা ইবতেদায়ী মাদরাসাগুলো ইনক্লুড করবো।’

বেসরকারি বিদ্যালয়ে দেওয়া হবে কি না, এমন প্রশ্নে এহছানুল হক মিলন বলেন, আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী পাবে। এরপর আমরা বেসরকারি বিদ্যালয়ের দিকে যাবো। আর প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলো শেষ করার পর মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে পোশাক বিতরণ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থী এক শ্রেণিতে এক সেট পোশাক পাবে। এটা পাইলট প্রোগ্রামের সিদ্ধান্ত। পরবর্তীতে আমরা দেখবো আমাদের সক্ষমতা কতটা বাড়ে; আমরা আরও বেশি দিতে পারি কি না। তবে প্রথমে এক সেট করে ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়া হবে।

পোশাক কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক একই রকম হবে। ছেলেদের পোশাক এক রকম, আর মেয়েদের এক রকম হবে। আবার ইবতেদায়ীর পোশাক কিছুটা ভিন্ন হবে। কেমন রঙের হবে, সেটাও আমরা ঠিক করেছি। এটা শিগগির জানানো হবে।’

Advertisement

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের কাজটি শিক্ষা মন্ত্রণালয় করবে। কিন্তু এতে সংস্কৃতি মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যুক্ত থাকবে। সবার সহযোগিতা নিয়ে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো এবং শিক্ষাকে এগিয়ে নেবো।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এএএইচ/এমএমএআর