দেশজুড়ে

সরকারি হচ্ছে গাবতলীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারীকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার মাত্র ৯ দিনের মাথায় বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

Advertisement

মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বগুড়ার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন।

সরকারীকরণের পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ, সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা বা আর্থিক সংশ্লেষ আছে কি না, সে বিষয়ে আইন উপদেষ্টার মতামতসহ প্রতিবেদন দাখিল করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে দ্রুত এই কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।

Advertisement

অনুষ্ঠানে তিনি বলেন, আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।

প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নে এলাকায় উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মোহাব্বত মণ্ডল বলেন, কলেজটি সরকারি হওয়ার ফলে এই অঞ্চলের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা হিসেবে পরিচিত এই এলাকার শিক্ষার্থীদের জন্য এটি বড় একটি প্রাপ্তি।

এমএন/এমএস

Advertisement