আইন-আদালত

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজালকে ফের রিমান্ডে চায় পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে অর্থ জোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়ার বিরুদ্ধে আবারও ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে দুই দফায় ৪ দিন ও ২ দিনের রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও চলমান তদন্তের ভিত্তিতে মামলার গুরুত্বপূর্ণ কিছু দিক এখনও উদ্ঘাটন বাকি থাকায় নতুন করে এই রিমান্ড আবেদন করা হয়েছে।

Advertisement

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, আফজাল নাছের ভূঁইয়া ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডে অর্থ জোগানদাতা হিসেবে জড়িত ছিলেন, এমন প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। তার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতপরিচয়ের আসামিদের শনাক্ত ও গ্রেফতার, অর্থের উৎস ও লেনদেনের পথ অনুসন্ধান এবং ঘটনার নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। তারও আগে গত ২৩ এপ্রিল একই মামলায় প্রথম দফায় ৪ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফজাল নাছের ভূঁইয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে মামলার তদন্তের স্বার্থে তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ বিষয়ে শুনানি বুধবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে উল্লেখ করা হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আদালতের আদেশের অপেক্ষা করা হচ্ছে।

 এমডিএএ/এসএনআর