দেশজুড়ে

পাবনায় বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় ছোট ভাইকে তুলে নেওয়ার ঘটনা ফেসবুকে পোস্ট করায় মো. শাহিবুল ইসলাম পিপুল নামে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

Advertisement

এ ঘটনায় হামলাকারীদের শাস্তি দাবি করে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিক। অভিযুক্তদের মধ্যে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ছোট ভাই শরীফ ও তার সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পিপুল অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ এর পাবনা জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক যুগান্তর’ এর ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কলেজপাড়া এলাকার ফিরোজ, হাসিব, মারুফ ও আল-আমিনসহ একদল যুবক সাংবাদিক পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামীকে জোরপূর্বক তুলে নিয়ে ভাঙ্গুড়া মহিলা কলেজে আটকে রাখেন। খবর পেয়ে পিপুল পুলিশকে অবহিত করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। ভাইকে উদ্ধারের পর পিপুল নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন।

Advertisement

অভিযোগ অনুযায়ী, এই পোস্টকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘বাহার’ নামে এক ব্যক্তি ফোন করে পিপুলের অবস্থান নিশ্চিত জেনে নেন। এরপর তিনি সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফিরোজসহ কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং তারাই তার ভাইকে তুলে নিয়েছিল বলে স্বীকার করেন। এসময় আরেকটি নম্বর থেকে ফোনকল আসে ভুক্তভোগী পিপুলের ফোনে। ওই ফোনে নিজেকে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ছোট ভাই শরীফ পরিচয় দিয়ে পিপুলের অবস্থান জানতে চাওয়া হয়। এর একপর্যায়ে পৌর বিএনপি নেতার ভাই শরীফের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল পিপুলকে ঘিরে ধরে মারধর শুরু করে। পরে কৌশলে তিনি পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।

অভিযোগকারী সাংবাদিকের দাবি, হামলার সময় ভাঙ্গুড়া থানার এসআই আল-আমিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

হামলার বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ বলেন, আমার ভাই শরীফ সাংবাদিক পিপুলকে ফোন করেছিল বলে একজনের মারফতে জেনেছি। তবে সে হামলা বা মারধরে জড়িত না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমি তাদের শাস্তি দাবি করছি। আমার ভাইয়ের ন্যূনতম সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর/জেআইএম