রাজধানীর কামরাঙ্গীচরে সিটি প্লাইউড নামের একটি কারখানায় কাজ করার সময় হঠাৎ মেশিনের আঘাতে মো. মিরাজ (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজকে হাসপাতালে নিয়ে আসা কারখানাটির সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, রাতে কারখানায় কাজ করার সময় মেশিনের বোর্ডের আঘাতে গুরুতর আহত হন মিরাজ। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি প্রায় সাত বছর ধরে কারখানাটিতে কাজ করতেন।
নিহত মিরাজ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে ওই কারখানাতেই থাকতেন।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর