মে দিবস উপলক্ষে দেশ ও বিদেশের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু সময়ের দাবি নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
Advertisement
শুক্রবার (১ মে) এক বিবৃতিতে তিনি শ্রমিকের স্বার্থ সুরক্ষায় তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ ৬ দাবি জানিয়েছেন। জি এম কাদেরের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বন্ধ মিল-কারখানা দ্রুত চালু করে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও দুর্ঘটনা বিমা বাধ্যতামূলক করা ও নারী শ্রমিকদের নিরাপত্তা, মাতৃত্বকালীন সুরক্ষা ও সমমজুরি নিশ্চিত করা।
এছাড়া, অনানুষ্ঠানিক খাতের বিশাল জনগোষ্ঠীকে শ্রম আইনের সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা ও শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার ও ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, জাতীয় পার্টি মনে করে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ এগোবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।
Advertisement
বিবৃতিতে জি এম কাদের বলেন, শ্রমিক শ্রেণীর ঘাম, ত্যাগ ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। মূলত শ্রমিক সমাজই এই দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাই তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু সময়ের দাবিই নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
বর্তমানে দেশের শ্রমিক সমাজ নানাবিধ সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে জানিয়ে তিনি বলেন,উচ্চ দ্রব্যমূল্য, বাসস্থান সংকট এবং চিকিৎসা ব্যয়ের চাপে শ্রমজীবী মানুষের জীবন আজ অতিষ্ঠ। অনেক প্রতিষ্ঠানে এখনও ন্যায্য মজুরি ও সময়মতো বেতন-ভাতা নিশ্চিত হয়নি। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানার শ্রমিকরা চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
এর পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং নারী শ্রমিকদের প্রতি বৈষম্য আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলেও মন্তব্য করেন তিনি।
এসএম/এএমএ
Advertisement