খেলাধুলা

নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে: ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আরও একবার নিশ্চিত করেছেন যে, আসন্ন ফিফা ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে ইরান। ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই ইরান বিশ্বকাপে খেলবে এবং তারা যুক্তরাষ্ট্রেই ম্যাচ খেলবে।’

Advertisement

বক্তব্যের শুরুতেই ইনফান্তিনো বলেন, ‘শুরুর দিকেই আমি স্পষ্টভাবে নিশ্চিত করতে চাই, নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে। আর অবশ্যই, ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রেই খেলবে।’

৪৮ দলের এবারের বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের বারবার এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হবে। এতে ভিসা জটিলতা বা কূটনৈতিক উত্তেজনা কিছু দেশের জন্য সমস্যা তৈরি করতে পারে।

এশিয়ান বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। তবে ইরাম ফুটবলের প্রধান মেহেদি তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনকে কঠিন করে তুলতে পারে।

Advertisement

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

এদিকে, যদি যুক্তরাষ্ট্র ও ইরান যদি নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হয়, তাহলে ৩ জুলাই ডালাসে নকআউট ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ইরান যুক্তরাষ্ট্রের ভেন্যুতে ম্যাচ আয়োজন না করে বিকল্প স্থানের অনুরোধ করলেও ফিফা তা প্রত্যাখ্যান করেছে এবং পূর্বনির্ধারিত সূচিই বহাল রেখেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে আপত্তি নেই, তবে আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আনার অনুমতি দেওয়া হবে না।

Advertisement

আইএন