সাপ্তাহিক ছুটির দিনের স্বস্তির সকালটাকে যেন ম্লান করে দিলো ভোরের মুষলধারে বৃষ্টি। শুক্রবার (১ মে) ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে পানি জমেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
Advertisement
সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা জামতলা এলাকায় দেখা যায়, প্রায় হাঁটুসমান পানি জমে গেছে। অনেকেই ছুটির দিনে সকালে বাজার করতে বের হয়ে বিপাকে পড়েন। কেউ জুতা হাতে নিয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, আবার কেউ রিকশা বা ভ্যানে উঠতে বাধ্য হচ্ছেন।
রামপুরার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী মিজানুর রহমান বলেন, ছুটির দিনে একটু আরাম করে ঘুম থেকে উঠেছিলাম। ভাবলাম বাজারটা সেরে ফেলি। কিন্তু বাইরে বের হয়েই দেখি রাস্তায় পানি জমে গেছে, হাঁটা মুশকিল। শেষ পর্যন্ত পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হলো।
মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একই চিত্র। সকাল ৯টার দিকেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। এতে ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। রিকশাচালকরা বাড়তি ভাড়া দাবি করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
Advertisement
মালিবাগের এক গৃহিণী নাসরিন আক্তার বলেন, শুক্রবার বলে একটু দেরিতে বাজারে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সব এলোমেলো হয়ে গেছে। পানি জমে যাওয়ায় কাঁচাবাজারে যেতে কষ্ট হয়েছে, অনেক দোকানও ঠিকমতো খুলতে পারেনি।
আরও পড়ুনদেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারেভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে
খিলগাঁও এলাকায়ও পরিস্থিতি খুব একটা ভিন্ন নয়। তিলপাপাড়া ও খিলগাঁও রেলগেট সংলগ্ন এলাকায় পানি জমে থাকায় পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ধীরগতি দেখা যায়। অনেক মোটরসাইকেল আরোহীকে পানির কারণে বিকল্প পথ নিতে দেখা গেছে।
খিলগাঁওয়ের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আজ সকালে একটা কোচিং ক্লাস ছিল। কিন্তু বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় পানি। রিকশা পাওয়া যাচ্ছে না, আর পেলেও ভাড়া বেশি চাচ্ছে। শেষ পর্যন্ত ক্লাসেই যেতে পারিনি।
Advertisement
এদিকে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষও। রামপুরার এক সবজি বিক্রেতা আব্দুল করিম জানান, বৃষ্টির কারণে অনেকেই বাজারে আসতে পারেনি। আবার যারা এসেছে, তারা কষ্ট করে এসেছে। পানি জমে থাকায় সবজি আনতেও সমস্যা হয়েছে। এতে বিক্রিও কম হয়েছে।
একই এলাকার মাছ বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ভোরে মাছ নিয়ে বাজারে আসতে গিয়ে দেখি রাস্তা ডুবে গেছে। ভ্যানে করে আনতে অনেক কষ্ট হয়েছে। বৃষ্টি হলে আমাদেরই বেশি সমস্যা হয়।
রামপুরা জামতলায় বাসিন্দা মো. শামছুল বলেন, ঢাকার জলাবদ্ধতার সমস্যাটি নতুন নয়। অল্প সময়ের ভারী বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে ব্যাহত করে। অপরিকল্পিত নগরায়ণ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং খাল-নালা ভরাট হয়ে যাওয়া এর প্রধান কারণ।
তিনি বলেন, প্রতিবারই শুনি উন্নয়নের কথা, কিন্তু বৃষ্টি হলেই পুরোনো সমস্যাগুলো সামনে চলে আসে। একটু বৃষ্টি হলেই যদি রাস্তা ডুবে যায়, তাহলে এত উন্নয়নের কী মানে?
এমএএস/বিএ