লাইফস্টাইল

গোল্ডেন গ্ল্যামে কানে নজর কাড়লেন প্রিয়তি

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা বরাবরের মতোই ছিল তারকাদের গ্ল্যামার আর ফ্যাশনের ঝলকে ভরপুর। তবে প্রথম দিনেই সোনালি আভায় আলাদা করে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী মাকসুদা আখতার প্রিয়তি। আত্মবিশ্বাসী উপস্থিতি, পরিমিত গ্ল্যামার এবং রাজকীয় স্টাইলিংয়ে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের স্বাক্ষর রাখলেন তিনি।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়তীর পথচলা আজকের নয়। ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ মুকুট জয়ের পর থেকেই আলোচনায় উঠে আসেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের ঝুলিতে যোগ করেন ‘মিস আর্থ আয়ারল্যান্ড’, ‘মিস ইউনিভার্সাল রয়্যালটি’, ‘ইউকে টপ মডেল’ ও ‘আইরিশ মডেল অব দ্য ইয়ার’ এর মতো একাধিক সম্মাননা। শুধু মডেলিং বা অভিনয়েই সীমাবদ্ধ নন তিনি; একজন প্রশিক্ষিত পাইলট এবং তিন সন্তানের মা হিসেবেও সমান দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বহুমাত্রিক এই পরিচয়ই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

কান উৎসবের সঙ্গে প্রিয়তীর সম্পর্কও বেশ গভীর। ৭৪তম আসরে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত প্রতিযোগিতায় ‘টপ মডেল’ স্বীকৃতি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় অবস্থান তৈরি করেন তিনি। বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেই অর্জন তাঁকে এনে দেয় নতুন পরিচিতি। এরপর থেকে প্রায় প্রতি বছরই কানের রেড কার্পেটে দেখা গেছে তাঁকে। এবার ১১তম বারের মতো এই মর্যাদাপূর্ণ মঞ্চে হাঁটলেন প্রিয়তী।

এবারের উপস্থিতিতে তিনি বেছে নিয়েছেন সোনালি রঙের একটি স্ট্র্যাপলেস ব্যান্ডেজ ড্রেস। বডিকন ফিটের মিডি লেন্থ পোশাকটি প্রথম দেখাতেই এনে দেয় এলিগ্যান্ট ও গ্ল্যামারাস অনুভূতি। তবে ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল নিচের ফ্লুটেড ট্রাম্পেট হেমলাইন। কুঁচকানো ঘেরের এই নকশা পুরো লুকে যোগ করেছে ভিন্টেজ মারমেইড ভাইব, যা রেড কার্পেটে তাঁকে দিয়েছে আলাদা মাত্রা।

Advertisement

তবে পুরো সাজের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার কাস্টম-মেড হেডপিস। আইরিশ ডিজাইনার ফিওনা রাফটারের তৈরি ফ্লোরাল থিমের এই অনুষঙ্গটি ড্রেসের সঙ্গে মিল রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সোনালি আভাময় লুকে হেডপিসটি যেন রাজকীয়তার ছোঁয়া এনে দিয়েছে। ছোট বব কাট চুল খোলা রেখে সেটির সঙ্গে যে স্টাইলিং করা হয়েছে, তা ছিল এক কথায় অনবদ্য।

মেকআপেও প্রিয়তী রেখেছেন পরিমিতির ছাপ। সফট গ্ল্যাম ধাঁচের এই লুকে চোখের মেকআপ ও ত্বকের গ্লো ছিল বেশ সূক্ষ্ম। পুরো স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন মারিয়া, যিনি পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজে এনেছেন ভারসাম্য। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ক্ল্যাসিক রেড লিপস। সোনালি আউটফিটের সঙ্গে এই বোল্ড রঙ তার উপস্থিতিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুন:

বিরল প্রবালের নেকলেসে ঝলমলে আলিয়া রুপালি ঝলকে রহস্যময় উর্বশী, কান মাতালেন অর্ধচন্দ্রের মোহে

এই বিশেষ লুকটি প্রিয়তী উৎসর্গ করেছেন ডিজাইনার ফিওনা রাফটারকে। ব্যস্ত সময়ের মধ্যেও যত্ন ও নিষ্ঠা দিয়ে তার জন্য তৈরি করা হয়েছে কাস্টম হেডপিসটি। শুধু তাই নয়, পুরো স্টাইলিং প্রক্রিয়ায়ও পাশে ছিলেন এই ডিজাইনার। একই সঙ্গে তাঁর ডিজাইন করা ঝলমলে কাস্টম ক্লাচ ব্যাগ পুরো লুকে এনে দিয়েছে বাড়তি সৌন্দর্য।

Advertisement

সব মিলিয়ে, ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই স্টাইল, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের মিশেলে আবারও আলোচনায় উঠে এলেন মাকসুদা আখতার প্রিয়তি। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাঁর এমন উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে দেশের জন্যও গর্বের।

জেএস/