গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।
Advertisement
শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
অভিযুক্ত যুবক এস এম মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে মন্ত্রীকে নিয়ে তিনি কটূক্তি করেন।
Advertisement
পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমানকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযুক্ত যুবক বর্তমানে থানা হেফাজতে আছেন। অভিযোগের বিষগে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আনোয়ার আল শামীম/এসআর/এএসএম
Advertisement