জাতীয়

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, থানায় লিখিত অভিযোগ

কেরানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিপন উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। শিপন উদ্দিন পেশায় সাংবাদিক।

Advertisement

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় সাংবাদিক শিপন উদ্দিন, তার মা ও বোন আহত হন। পরে তারা চিকিৎসা নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে ফিরোজ উদ্দিন দিপু (৪৮), ফরিদ উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক বাবু (৬০)-সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

লিখিত অভিযোগ অনুযায়ী, সকালে একদল লোক বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালান এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান। এ সময় বাধা দিতে গেলে শিপন উদ্দিনকে মারধর করা হয়। এক পর্যায়ে তার মা ও বোনও হামলার শিকার হন।

শিপন উদ্দিন জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে তার সৎ ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতেও বিচারাধীন ছিল। সম্প্রতি মামলার রায় তার অনুকূলে যাওয়ার পর প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয়েছিল।

ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

এমডিএএ/এএমএ