অর্থনীতি

মৌজা রেট বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মৌজা রেটকে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মৌজা রেট বাস্তবসম্মত করা গেলে কালো টাকা সাদা করার সুযোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Advertisement

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মৌজা রেট এবং জমির প্রকৃত বাজারমূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এর ফলে নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি পর্যালোচনার জন্য সরকার এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে। সময়ের সীমাবদ্ধতার কারণে বাজেট ঘোষণার আগে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে, এখন দেশব্যাপী মৌজাভিত্তিক জরিপের মাধ্যমে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষিজমি ও অন্যান্য শ্রেণির জমির জন্য পৃথকভাবে মূল্যায়ন করা হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মৌজা রেট পুনর্নির্ধারণের কাজ চলছে।

Advertisement

তিনি বলেন, ‘মৌজা রেট যদি বাজারমূল্যের কাছাকাছি আনা যায়, তাহলে কালো টাকা সাদা করার সুযোগ অনেকাংশে কমে যাবে।’

অর্থমন্ত্রীর মতে, জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রকৃত লেনদেনমূল্য প্রতিফলিত হলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে সম্পদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করা এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর করা সহজ হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএআর/এমএএইচ/

Advertisement