বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন প্রতিটি ফুটবলার। তাই টুর্নামেন্ট চলাকালে নিষেধাজ্ঞার মুখে পড়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা যে কোনো খেলোয়াড়ের জন্য বড় ধাক্কা।
Advertisement
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের গুরুত্ব অত্যন্ত বেশি হওয়ায় খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দেবেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে কঠোর ট্যাকল, সময়ক্ষেপণ এবং নানা কৌশলী ফাউলও দেখা যেতে পারে, যা ম্যাচ পরিচালনায় রেফারিদের ব্যস্ত রাখবে।
বিশ্বকাপের উদ্বোধনী গ্রুপ ‘এ’-র ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে তিনটি লাল কার্ড দেখানো হয়। দক্ষিণ আফ্রিকার ইয়ায়া সিথোলে ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন। এর ফলে তারা পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে মাত্র চারটি লাল কার্ড দেখানো হয়েছিল। অথচ ২০২৬ বিশ্বকাপে প্রথম ম্যাচেই তিনটি লাল কার্ড দেখা গেছে।
Advertisement
হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তনএর আগে বিশ্বকাপে নিয়ম ছিল, কোয়ার্টার-ফাইনালের আগে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন। অর্থাৎ, কেউ গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড অথবা গ্রুপ পর্বে একটি ও নকআউট পর্বে আরেকটি হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে খেলতে পারতেন না।
তবে ২০২৬ বিশ্বকাপে সম্প্রসারিত ফরম্যাট চালুর কারণে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এবার প্রথমবারের মতো ‘রাউন্ড অব ৩২’ যুক্ত হওয়ায় ফিফা মনে করেছে, আগের নিয়ম খেলোয়াড়দের জন্য অতিরিক্ত কঠোর হয়ে যেতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে সব হলুদ কার্ড মুছে যাবে। এছাড়া কোয়ার্টার-ফাইনালের পরও হলুদ কার্ডের হিসাব আবার শূন্যে নেমে আসবে, যা আগের নিয়মের মতোই বহাল রয়েছে।
ফলে কোনো খেলোয়াড় নিষিদ্ধ হতে হলে তাকে হয় গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড পেতে হবে, অথবা রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে দুটি হলুদ কার্ড পেতে হবে।
Advertisement
লাল কার্ড পেলে কী হবে?হলুদ কার্ডের ক্ষেত্রে ছাড় থাকলেও লাল কার্ডের নিয়ম অপরিবর্তিত রয়েছে। বিশ্বকাপের কোনো ম্যাচে সরাসরি লাল কার্ড কিংবা দুই হলুদ থেকে লাল কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে তার দলের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে।
তবে অপরাধের ধরন গুরুতর হলে ফিফা অতিরিক্ত শাস্তিও দিতে পারে। সে ক্ষেত্রে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞাও আসতে পারে।
যদি কোনো খেলোয়াড় টুর্নামেন্টে নিজের দলের শেষ ম্যাচে লাল কার্ড দেখে নিষেধাজ্ঞা পান, তাহলে সেই শাস্তি দলের পরবর্তী অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে বহাল থাকবে।
ভিএআরের ক্ষমতা বাড়ছে২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ভূমিকাও আরও বিস্তৃত করা হয়েছে। এবার ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডও ভিএআর পর্যালোচনা করতে পারবে। যদি দেখা যায় সিদ্ধান্তটি ভুল ছিল, তাহলে সেই কার্ড বাতিল করা সম্ভব হবে। এছাড়া ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার ঘটনাতেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
অর্থাৎ, কোনো ফাউলের জন্য রেফারি ভুল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখালে ভিএআর তা সংশোধনের সুযোগ পাবে। ফলে কোন খেলোয়াড় নিষেধাজ্ঞার মুখে পড়বেন, সে বিষয়ে আগের চেয়ে অনেক বেশি নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
এমএমআর