মেধা বিকাশে বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানো রয়েছে বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ।
Advertisement
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে, উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
এরশাদ উল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সরকার নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি করছে। এবারের ঘোষিত বাজেটে স্টার্টআপ বিজনেস, গ্রিন এনার্জি ও রেইন হারভেস্টিংয়ের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
Advertisement
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হামিদুল হক মান্নান, শহীদুল্লাহ চৌধুরী, স্বপন শীল, মেহেদী হাসান সুজন, এনামুল হক সজীব প্রমুখ।
১৩টি স্টলের মধ্যে সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রথম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করেছে।
এমডিআইএইচ/এমএমকে
Advertisement