দেশজুড়ে

ফরিদপুরে বিনামূল্যে চিকিৎসা ও খাবার পেলেন শতাধিক অসহায় রোগী

ফরিদপুরের মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১২ জুন) দিনব্যাপী মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলীয়া গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত সব রোগীর জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়। যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।

পেসেন্ট পয়েন্ট লিমিটেড জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে পেসেন্ট পয়েন্ট। অসহায় ও দরিদ্র মানুষের জন্য সঠিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান, নির্ভরযোগ্য চিকিৎসা নিশ্চিতকরণ, মানসম্মত প্যাথলজিক্যাল পরীক্ষা, জরুরি অ্যাম্বুলেন্স সেবা, ২৪ ঘণ্টার অনলাইন চিকিৎসা পরামর্শ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল (এমবিবিএস, পিজিটি, এমপিএইচ-রোগতত্ত্ব)।

Advertisement

ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল বলেন, ‘পেসেন্ট পয়েন্ট লিমিটেড একটি মানবিক প্রতিষ্ঠান। এর সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় উল্লেখযোগ্য ছাড়ের ব্যবস্থা করে দিয়েছে, যার ফলে অনেক দরিদ্র রোগী স্বল্প খরচে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।’

পেসেন্ট পয়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম (বাবু) বলেন, ‘দেশের অসংখ্য মানুষ এখনো সঠিক স্বাস্থ্যসেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাবে বিভিন্ন দালালচক্র ও প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। অনেকেই বিপুল অর্থ ব্যয় করেও সঠিক চিকিৎসা পান না। আমাদের লক্ষ্য মানুষকে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা তথ্য, সঠিক চিকিৎসা এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের পাশে থেকে আমরা মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।’

এন কে বি নয়ন/এফএ/এএসএম

Advertisement