ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্ক-বিতর্ক যেন এক চিরচেনা দৃশ্য। কে সেরা মেসির আর্জেন্টিনা নাকি ব্রাজিলের সাম্বা ফুটবল? চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্রই চলে যুক্তি আর পাল্টা যুক্তির লড়াই। তবে জামালপুরে সেই প্রতিদ্বন্দ্বিতা এবার স্থান পেল এক ব্যতিক্রমী আয়োজনে। মাঠের ঘাসে নয়, বিতর্কের মঞ্চে মুখোমুখি হলো আর্জেন্টিনা ও ব্রাজিল। আর সেই যুক্তিযুদ্ধ উপভোগ করতে সেমিনার হলে ভিড় করেন শিক্ষক-শিক্ষার্থীসহ ফুটবলপ্রেমীরা।
Advertisement
শনিবার (১৩ জুন) বেলা ১২টায় ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সেমিনার হলে ইউপিএসসিজে ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘রম্য বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। বিশ্বকাপের আবহকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. রশিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক।
কর্নেল মো. রশিদুল ইসলাম খান বলেন, `বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার জনপ্রিয় বিষয়কে কেন্দ্র করে এমন সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়িয়ে তোলে।‘
Advertisement
ডা. মুহাম্মদ আজিজুল হক বলেন, `বিতর্ক শুধু কথা বলার প্রতিযোগিতা নয়, এটি একজন শিক্ষার্থীকে চিন্তা করতে শেখায়। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপিএসসিজে ডিবেটিং ক্লাবের কনভেনার এবং ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান আলম রোজ। বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের কো-কনভেনার মো. সাঈদ হোসেন।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে ব্রাজিল দলের নেতা ফারদিন মন্ডল শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। তবে দুই দলের সমানতালে প্রতিদ্বন্দ্বিতা, সৃজনশীল উপস্থাপনা এবং দর্শকদের আগ্রহ বিবেচনায় বিচারকরা আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
হৃদয় আহম্মেদ/এমএস
Advertisement