বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করে প্রকৃতি রক্ষা আন্দোলন।
Advertisement
‘শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশু হোক উঁচু বৃক্ষের মতো সুদৃঢ়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জনস্বাস্থ্য ও ক্যানসার প্রতিরোধ গবেষক এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। এ ছাড়া হামিদা খাতুনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার ‘সংস্কৃত গদ্যকাব্য শ্রীবরের কথ্যকৌতুক বিবরণ ও বিশ্লেষণ’ এবং ড. সৈয়দ হুমায়ুন কবিরের ‘জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
Advertisement
এ সময় অতিথিরা বই দুটির বিষয়বস্তু ও সমাজে ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ‘শিশুশ্রম একটি মানবিক ও সামাজিক সমস্যা। শিশুদের সুষ্ঠু বিকাশ, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে শিশুশ্রম নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একটি শিশুশ্রমমুক্ত, পরিবেশবান্ধব ও মানবিক সমাজ গঠনে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং ড. সৈয়দ হুমায়ুন কবিরকে ‘ন্যাচারাল ট্রি আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়।
এসইউ
Advertisement