চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএ ও নগরের স্বার্থ রক্ষা করব। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালব করব।
Advertisement
রোববার (১৪ জুন) ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বেলায়েত হোসেন বলেন, তার দায়িত্ব পালনের মূল ভিত্তি হবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর কল্যাণ এবং চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।
তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চট্টগ্রাম এখনো জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার মতো নানা সমস্যায় ভুগছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্যাস বিভাগ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
Advertisement
সিডিএ চেয়ারম্যান বলেন, চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনদুর্ভোগ কমানোর বিষয়টি অগ্রাধিকার পাবে। পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে একটি আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, পাহাড়, জলাধার ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নাগরিক সেবা সহজলভ্য করতে এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর করতে বৈজ্ঞানিক ও যুগোপযোগী পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নগর পরিকল্পনা প্রসঙ্গে বেলায়েত হোসেন বলেন, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হবে। অপরিকল্পিত উন্নয়ন দীর্ঘমেয়াদে জনস্বার্থের পরিপন্থি। তাই ভবিষ্যতে সুশাসন, পরিকল্পনা ও জবাবদিহিতার ভিত্তিতে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, নগরবাসীকে একটি উন্নত, নিরাপদ ও টেকসই শহর উপহার দেওয়াই তার প্রধান অঙ্গীকার।
Advertisement
এমআরএএইচ/জেএইচ