মুন্সিগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে আরিফ বেপারী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
Advertisement
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব শিলমন্দিরের জসিমনগর এলাকায় নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ বেপারী পূর্ব শিলমন্দির এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় নুর মোহাম্মদ নামের এক কসাইয়ের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে আরিফের ছোট ভাই আকাশ বেপারীর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।
Advertisement
অভিযোগ রয়েছে, শনিবার সকালে মুন্সির-হাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। সেই সূত্র ধরে রোববার ভোরে আকাশকে বাড়িতে না পেয়ে তার বড় ভাই আরিফ বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতে চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement
শুভ ঘোষ/এফএ/জেআইএম