বিনোদন

আসলেই কি মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বরাবরই আলোচনায় থাকেন তার নাচ, গ্ল্যামার ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের কারণে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার তার ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনকে ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

Advertisement

গুঞ্জন উঠেছে, মরক্কো জাতীয় ফুটবল দলের তারকা এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও ভক্তদের কৌতূহল থেকেই এই জল্পনার জন্ম।

মূলত ২০২৫ সালে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস চলাকালে প্রথমবারের মতো তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। সে সময় একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। এরপর বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে দাবি করা হয়, তিনি নাকি এক ‘বিশেষ ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন। পরে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে আশরাফ হাকিমির নাম।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন আরও জোরালো হতে শুরু করে।

Advertisement

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর ম্যাচেও সরাসরি উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। পুরো ম্যাচজুড়ে মরক্কো দলকে সমর্থন জানিয়ে একাধিক ভিডিও ও রিলস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।

ম্যাচ শুরুর আগে মরক্কো দলের খেলোয়াড়দের একটি ভিডিও পোস্ট করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে।’ পরে মরক্কোর গোল উদযাপন করেও ভিডিও শেয়ার করেন তিনি। অন্যদিকে ব্রাজিল গোল করলে ভিনিসিয়াস জুনিয়রের গোলের ভিডিও পোস্ট করে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘নো’।

তবে এতসব আলোচনার মধ্যেও নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি কিংবা আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি, যা তাদের প্রেমের সম্পর্কের দাবিকে নিশ্চিত করতে পারে।

আরও পড়ুন:রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’ আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

Advertisement

উল্লেখ্য, আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। ২০২৩ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। এরপর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান মডেল ইমান হাম্মামের সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সেই সম্পর্ক নিয়েও কখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তারা।

সব মিলিয়ে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে ভক্তদের আগ্রহ বাড়লেও, এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এমএমএফ