ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। একটি টেলিভিশন অনুষ্ঠানে মুখোমুখি হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি খুনসুটি আর প্রশংসায় মাতেন দুই তারকা।
Advertisement
শনিবার (১৩ জুন) চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেখা হয় শাকিব খান ও পূর্ণিমার। দীর্ঘদিন পর একে অপরকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। আলাপচারিতার একপর্যায়ে বর্তমান সময়ের শাকিব খানকে দেখে মজার ছলে আক্ষেপ প্রকাশ করেন পূর্ণিমা।
হাসতে হাসতে তিনি বলেন, ‘তাকে আমি আগে যেমন দেখেছি, এখন তার চেয়ে অনেক ছোট লাগছে। অনেক বেশি ছোট। তার যত ছবি আছে, আমি কিন্তু দেখি। “তুফান” পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।’
শুধু তাই নয়, শাকিবের বর্তমান লুকের প্রশংসা করে পূর্ণিমা বলেন, ‘আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।’
Advertisement
পূর্ণিমার এমন মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। শাকিবও বিষয়টি বেশ উপভোগ করেন।
এ সময় পূর্ণিমা জানান, একসঙ্গে নিয়মিত কাজ না হলেও শাকিব খানের নতুন সিনেমা ও ক্যারিয়ারের অগ্রগতি তিনি নিয়মিত অনুসরণ করেন। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের সাফল্য তার নজর এড়ায়নি।
জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’।
গানটি বাজতেই মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।’ জবাবে হাসতে হাসতে শাকিব বলেন, ‘যা ইচ্ছা করো।’
Advertisement
আরও পড়ুন:শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু দেশটায় ভালো থাকার উপায় নেই, বললেন আফজাল হোসেন
একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ একাধিক সিনেমায় তাদের রসায়ন দর্শকদের হৃদয় জয় করেছিল। যদিও সময়ের সঙ্গে দুজনের কর্মব্যস্ততা ভিন্ন পথে গেছে, তবুও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট রয়েছে বলে মনে করছেন ভক্তরা।
দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক ভক্তই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এমএমএফ