দেশজুড়ে

মেসিদের ভালোবাসায় আকাশি-সাদায় ভরে গেছে সড়ক

মেসি, আলভারেজ, মার্তিনেজসহ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের তারকাদের ছবি। সঙ্গে আকাশি-সাদা পতাকার সারি। পুরো সড়কজুড়ে যেন আর্জেন্টিনারই এক টুকরো আবহ। মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে এমন ব্যতিক্রমী আয়োজন করে নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা।

Advertisement

সড়কের দুই পাশে টানানো হয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের বড় বড় ছবি, ব্যানার ও পতাকা। কোথাও রয়েছে শুভকামনার বার্তা, কোথাও আবার প্রিয় ফুটবলারদের প্রতিকৃতি। দূর থেকেই নজর কাড়ছে পুরো আয়োজন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোল্লাকান্দি গ্রামের অধিকাংশ তরুণ ও ক্রীড়াপ্রেমী আর্জেন্টিনা দলের সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় আসর সামনে রেখে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই তারা এ উদ্যোগ নিয়েছেন।

শুধু পতাকা টানিয়েই ক্ষান্ত হননি সমর্থকরা। সড়কের বিভিন্ন মোড়ে স্থাপন করা হয়েছে বিলবোর্ড। অবসর সময় বন্ধুদের নিয়ে আর্জেন্টিনার জার্সি পরে আড্ডা, আনন্দ-উল্লাস এমনকি ছোট ছোট শোভাযাত্রাও বের করছেন তারা।

Advertisement

আর্জেন্টিনার সমর্থক ফজলুল হক বলেন, গত বিশ্বকাপ যেভাবে আর্জেন্টিনা জিতেছে, ঠিক তেমনি এবারও আর্জেন্টিনাই জিতবে। এটা আমাদের সবার প্রত্যাশা।

আরেক সমর্থক মো. সুমন হোসেন বলেন, আমাদের এ গ্রামে আর্জেন্টিনার ভক্ত বেশি। তাই আমরা এভাবে আমাদের ভালোবাসা প্রকাশ করেছি। এবারও বিশ্বকাপ আমাদের প্রিয় দল আর্জেন্টিনা জয় হবে।

পথচারী মুন্নি আক্তার বলেন, আমি এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাই। রাস্তার পাশে আর্জেন্টিনার খেলোয়াড়দের ছবি ও পতাকা দেখে খুব ভালো লাগে।

আয়শা সিদ্দিকা আকাশী/কেএইচকে/এমএস

Advertisement