খেলাধুলা

তাওহিদ হৃদয়ের বৃহস্পতি এখন তুঙ্গে

তাওহিদ হৃদয়ের বৃহস্পতি এখন তুঙ্গে। এই তো ৪৮ ঘণ্টা আগে তার নেতৃত্বে ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকায় মোহামেডানের হয়ে শেষ দুই রাউন্ড খেলা সম্ভব হয়নি। তাতে কী? আগের ৯ ম্যাচে ২টি শতক আর ৩টি ফিফটি হাঁকিয়েই দলকে শিরোপার কাছাকাছি পৌঁছে দিয়েছেন তাওহিদ হৃদয়।

Advertisement

এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৫২৮ রান করা তাওহিদ হৃদয় ব্যাটিং গড় (৮৮.০০) ও স্ট্রাইক রেটে (১২২.৭৯) পিছনে ফেলেছেন অন্য সব ব্যাটারকে।

ঢাকা লিগে ভালো খেলেই ক্ষান্ত হননি ফর্মের চূড়ায় থাকা তাওহিদ হৃদয়। সেই ফর্মটা বজায় রেখেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও।

আজ শেষ ম্যাচে দলের প্রয়োজনে সাধ্যমতো চেষ্টা করে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। এর আগের দুই ম্যাচে ফিফটির দেখা না পেলেও রানে ছিলেন। যে দুটি ইনিংস খেলেছেন, তা ক্রিকেটীয় পরিভাষায় ‘ইউটিলিটি’ ইনিংস।

Advertisement

প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলার পাশাপাশি দলের সাফল্যে কার্যকর অবদান রেখে ৩ ম্যাচে ৩১, ৪০ অপরাজিত ও ৮৩ রানের তিনটি ইনিংস খেলে মোট ১৫৪ রান তুলে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন তাওহিদ হৃদয়।

এর ফলশ্রুতিতে তিনি পেয়েছেন ৩০ লাখ টাকা মূল্যের একটি চেরি ব্র্যান্ডের কার।

তার ব্যাট আজকাল নিয়মিত হাসছে। ব্যাটে রানের ফল্গুধারা বইছে। জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও ডাক পেয়েছেন। দেখা যাক, হৃদয় ধারাবাহিকভাবে সব ফরম্যাটে এমন ফর্ম বজায় রেখে খেলতে পারেন কি না।

এআরবি/আইএইচএস/

Advertisement