ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে শরিফুল ইসলাম (২৪) নামে ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফুল গফরগাঁওয়ের ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ও ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।
স্থানীয়রা জানান, শরিফুল প্রায় দুই বছর ধরে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে ভাড়া থাকতেন। সকাল পর্যন্ত কর্মস্থলে না যাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার খোঁজে বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করে। পরে বাসার মালিক ছাদে গিয়ে দেখেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করলে ভেতরে শরিফুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে জানায়।
গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের সহকারী ব্যবস্থাপক রেদওয়ান হাসান বলেন, শরিফুল একটি মেয়ের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন। ব্যক্তিগত কোনো মান-অভিমানের ঘটনাও থাকতে পারে।
Advertisement
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
হোসাইন সুলভ/এএইচ/এএসএম