ভারতের নতুন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত এই বিমানবন্দর চালু হওয়ায় বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ তাজমহলে পৌঁছানো এখন আরও সহজ হয়ে গেছে।
Advertisement
নতুন বিমানবন্দরটি থেকে আগ্রার তাজমহলের দূরত্ব প্রায় ১৩৯ কিলোমিটার। যমুনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছানো সম্ভব। তুলনামূলকভাবে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজমহলে যেতে সাধারণত তিন ঘণ্টারও বেশি সময় লাগে।
তাজমহল ভ্রমণে নতুন সুবিধা
দেশি-বিদেশি পর্যটকদের জন্য আগ্রা ভ্রমণ এখন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা তাজ মহলে প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে।
Advertisement
মোগল সম্রাট শাহ জাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে সাদা মার্বেলে নির্মাণ করেছিলেন এই ঐতিহাসিক সৌধ। ইতিহাসপ্রেমী, আলোকচিত্রী এবং প্রথমবার ভারত ভ্রমণকারীদের কাছে এটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
প্রথম ফ্লাইটের মাধ্যমে যাত্রা শুরু
সোমবার লখনউ থেকে আসা একটি ইনডিগো ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরটির কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণ পর লখনউগামী প্রথম বাণিজ্যিক ফ্লাইটও ছেড়ে যায়।
বিশাল পরিকল্পনায় নির্মিত বিমানবন্দর
Advertisement
বিমানবন্দরের প্রথম ধাপে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। এতে একটি রানওয়ে, সমন্বিত টার্মিনাল এবং আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার অন্তর্ভুক্ত রয়েছে।
প্রায় ১ হাজার ৩৩৪ হেক্টর জমির ওপর নির্মিত এই প্রকল্পটি চার ধাপে বাস্তবায়ন করা হবে। পুরো প্রকল্প সম্পন্ন হলে এখানে পাঁচটি রানওয়ে থাকবে এবং বছরে প্রায় ২২ কোটি ৫০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা গড়ে উঠবে।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে উত্তর ভারতের বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: এনডিটিভি
এমএসএম