খেলাধুলা

অনুমতি জটিলতায় ম্যাচের আগের রাতে মিয়ামি পৌঁছালো উরুগুয়ে

অনুমতি-সংক্রান্ত জটিলতায় ভ্রমণ বিলম্বিত হওয়ার পর রোববার মিয়ামিতে পৌঁছেছে উরুগুয়ে ফুটবল দল। সোমবার সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে এই ভোগান্তির মুখে পড়ে দলটি।

Advertisement

এই সমস্যার জন্য ফিফাকেই দায়ী করেছে উরুগুয়ে। তবে রোববারের বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে প্রধান কোচ ও অধিনায়ক উপস্থিত থাকতে না পারলে শাস্তির মুখে পড়ার আশঙ্কাও ছিল বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ঘাটতিসহ প্রশাসনিক সমস্যার কারণে নির্ধারিত ফ্লাইটটি উড্ডয়নের অনুমতি পায়নি। ফলে নতুন ফ্লাইটের ব্যবস্থা করতে কর্মকর্তাদের তড়িঘড়ি করে উদ্যোগ নিতে হয়।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেছেন, এই ভ্রমণ জটিলতার জন্য ফিফাই দায়ী। ৪৮ দলের বিশ্বকাপ-সংক্রান্ত সব ভ্রমণ ব্যবস্থাপনার দায়িত্ব ফিফার ওপরই রয়েছে।

Advertisement

মেক্সিকোর প্লায়া দেল কারমেনে রোববার অনুশীলন করছিলো উরুগুয়ে। এরপর প্রায় ৪৫ মাইল দূরের কানকুন বিমানবন্দরে পৌঁছে ভ্রমণকারী প্রতিনিধিদল জানতে পারে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন নেই।

এরপর উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, দক্ষিণ ফ্লোরিডা থেকে একটি দ্বিতীয় বিমান দলটিকে নিতে রওনা হয়েছে। বিমানটি পৌঁছানো পর্যন্ত খেলোয়াড়রা কানকুনের বাইরে একটি রিসোর্টে অপেক্ষা করেন।

এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো থেকে যাত্রা বিলম্বিত হয়েছে। দলটি হোটেলে বিশ্রাম নিচ্ছে। ফিফা নতুন যাত্রার সময় বিকেল ৪টা ১৫ মিনিট নির্ধারণ করেছে।‘

পরে ডেইলি মেইলসহ বিভিন্ন গণমাধ্যমকে একটি বিবৃতি দেয় ফিফা।

Advertisement

বিবৃতিতে বলা হয়, ‘মেক্সিকোয় এয়ারলাইনের অনুমতি-সংক্রান্ত একটি ত্রুটির কারণে কানকুন থেকে মিয়ামিগামী উরুগুয়ে জাতীয় দলের যাত্রা বিলম্বিত হয়েছে। সৃষ্ট অসুবিধার জন্য এয়ারলাইনটি ক্ষমা চেয়েছে। বিলম্বের পুরো সময়জুড়ে ফিফা উরুগুয়ে দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং বিমানবন্দর ও পরিচালনা-সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন ও ভ্রমণজনিত বিঘ্ন কমানোর চেষ্টা করেছে।”

এই সমস্যার কারণে রোববার দক্ষিণ ফ্লোরিডায় নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক জোসে মারিয়া গিমেনেজ। পরে সংবাদ সম্মেলন রাত ৮টায় পিছিয়ে দেওয়া হয় এবং সেখানে কোচ ও অধিনায়ক দুজনই উপস্থিত ছিলেন।

গিমেনেজ সংবাদ সম্মেলনে বলেন, ‘ভ্রমণটা ভালোই হয়েছে। আমরা পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখেছি। কানকুনের হোটেলে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছি।’‘বিলম্বিত ফ্লাইট তার দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নের জবাবে বিয়েলসা বলেন, ‘না, এই ফ্লাইট কোনো জটিলতা তৈরি করেনি।’

এরপর তিনি উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও এবং প্লায়া দেল কারমেনে দলের প্রস্তুতির প্রসঙ্গে কথা বলেন।

বিয়েলসা বলেন, ‘মন্টেভিডিওতে খেলোয়াড়দের নিয়মিত বিভিন্ন দায়িত্ব ছিল, তবে তারা পরিবারের সঙ্গেও সময় কাটাতে পেরেছে, যা আমি প্রয়োজনীয় বলে মনে করেছি।’

গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে মিয়ামি গার্ডেন্সে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। অন্যদিকে একই গ্রুপের অন্য দুই দল স্পেন ও কেপ ভার্দেও সোমবার আটলান্টায় নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

এমএআর/আইএন