গত তিন বছরের বেশি সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় হতাহত ও তাদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
Advertisement
২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে মোট ৫ হাজার ৮৪ জন সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি ও নিহতদের পরিবারকে এ অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় সেশনের সপ্তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ লিখিত বক্তব্য পেশ করেন।
সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, সরকারি এ আর্থিক সহায়তার আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের পরিবারগুলো। মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে এ অনুদান দেওয়া হয়েছে।
Advertisement
তিনি জানান, এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের এ কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।
এমওএস/এমকেআর