আগামী জুলাই মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে। এছাড়া সারাদেশে মিড-ডে মিল চালু এবং পাঠদান আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার।
Advertisement
সোমবার (১৫ জুন) ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। চলতি ডিসেম্বরে স্কুলগুলোতে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এজন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।
Advertisement
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মন্ত্রী। এসময় শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম ও মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজন করে। প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে এ প্রতিযোগিতা হয়।
স্কুল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে এ প্রতিযোগিতায় এক শিক্ষার্থী একাধিক বিষয়ে মিলিয়ে প্রায় দুই কোটি ১৮ লাখ প্রতিযোগী অংশ নিয়েছে। জাতীয় পর্যায়ে এসেছে ৪০০ শিক্ষার্থী। শিশুদের দক্ষ ও মানবিক করে গড়তে এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এএএইচ/একিউএফ
Advertisement