জাতীয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে যেসব পরিকল্পনার কথা জানালেন মির্জা ফখরুল

ঢাকার জলাবদ্ধতার সমস্যা নিরসনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষপ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস‌্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি কার্যক্রমের আওতায় নর্দমা, বক্স-কালভার্ট ও খালগুলো থেকে পলি-বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতাপ্রবণ এলাকা থেকে পোর্টেবল পাম্পের মাধ্যমে বৃষ্টির পানি অপসারণ করা হচ্ছে। বিদ্যমান পাম্প স্টেশনের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশন করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ক্যাচপিট ও লোহার গ্রেটিংস স্থাপন করা হচ্ছে। জনসচেতনতা বাড়ানো হচ্ছে। ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন ও জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানিপ্রবাহের বাধা (ব্লকেজ) নিরসন করা হচ্ছে।

তিনি বলেন, মধ্যমেয়াদি কার্যক্রমের আওতায় খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি প্রকল্পের মাধ্যমে চারটি বৃহৎ খাল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জিয়া সরণি খাল ও শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নর্দমা নির্মাণের কার্যক্রম এবং বিদ্যমান নর্দমা সংস্কার ও মেরামত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি কার্যক্রমের আওতায় জিয়া সরণি খাল, কাজলা খাল ও মৃধাবাড়ি খালসহ অন্য খালগুলো (প্রায় ৫০ কিলোমিটার) উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে (অঞ্চল-০১ থেকে ০৫) জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ মাস্টারপ্ল্যানের আওতায় বৃষ্টির পানি দ্রুততম সময়ের মধ্যে নিষ্কাশনের লক্ষ্যে অধিক সংখ্যক আউটলেট নির্মাণসহ পাম্প স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা যাচাই করে প্রবাহ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের পরিকল্পনা; ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ইত্যাদি) ডাক্ট নির্মাণের পরিকল্পনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম টেকসই ও যুগপোযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এমওএস/এমকেআর

Advertisement