আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে কাল বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান।
Advertisement
জানা গেছে, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগানগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। একই সঙ্গে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি মঙ্গলবার দেওয়া হয়েছে।
চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, আমাদের তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। এর পরিবর্তে শ্রমিকেরা রোববার কাজ করবেন। আমরা ইতোমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
Advertisement
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মাহিদুল ইসলাম/এনএইচআর/জেআইএম