বিনোদন

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, রেফারি ‘ফিমেল’

নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় দুই সৃষ্টি ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফিমেল’-এর দর্শকদের জন্য নতুন চমকের আভাস মিলেছে। চলমান ফুটবল বিশ্বকাপের আবহে এবার ‘ব্যাটারির গলি’কে ঘিরে নতুন এক ভাবনার ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতা।

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমি লিখেছেন, ‌‘ব্যাটারির গলিতে যদি একটা ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ হতো, কেমন হতো? আর যদি রেফারি হতো একজন ফিমেল?’

পোস্টটি প্রকাশের পরপরই দর্শক-ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফিমেল’-এর পরিচিত চরিত্রদের নিয়ে বিশেষ কোনো নাটক বা ফিকশন নির্মাণের পরিকল্পনা করছেন অমি।

বিশ্বকাপ এলেই বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা দেখা যায়, সেটিকে কেন্দ্র করেই হয়তো নতুন কোনো গল্প সাজাতে চান নির্মাতা। আর সেই ম্যাচের রেফারি হিসেবে ‘ফিমেল’ সিরিজের কোনো নারী চরিত্রকে দেখানো হলে সেটি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলেও ধারণা করা হচ্ছে।

Advertisement

তবে সত্যিই এমন কোনো প্রযোজনা আসছে কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু জানাতে রাজি নন কাজল আরেফিন অমি। এ বিষয়ে যোগাযোগ করা হলে এক খুদে বার্তায় তিনি বলেন, ‘দেখি। আপাতত অসুস্থ।’

উল্লেখ্য, সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন অমি। চিকিৎসকদের পরীক্ষায় তার গলার ভেতরে সিস্ট ধরা পড়ে। এ কারণে বর্তমানে কথা বলতে পারছেন না তিনি। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন এই নির্মাতা।

তবে তার একটি ছোট্ট পোস্টই দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ব্যাটারির গলিতে সত্যিই ব্রাজিল–আর্জেন্টিনার সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ মাঠে গড়ায় কি না।

 

এলআইএ

Advertisement