জাতীয়

অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ১৬ পাখি উদ্ধার, দুজন গ্রেফতার

অনলাইনে বিক্রির উদ্দেশে গাজীপুরের টঙ্গী থানার আরিচপুর এলাকার একটি বাড়িতে রাখা ১৬টি পাখি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গতকাল মঙ্গলবার (১৬ জুন) পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহীম (৩৬) ও মাহিদুল ইসলাম (১৮)।

বুধবার (১৭ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আরও পড়ুন মুন্সিগঞ্জে শিকার করা ৪ মণ পরিযায়ী পাখি উদ্ধার

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বন অধিদপ্তরের একজন পরিদর্শক জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে জানান, টঙ্গী পূর্ব থানার ব্রাইট মডেল স্কুলসংলগ্ন আরিচপুর রোডের একটি বাড়িতে অনলাইনে বিক্রির উদ্দেশে বিপুলসংখ্যক পাখি রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি পুলিশি সহায়তা চান।

Advertisement

ছবি: সংগৃহীত

খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শাহিদা এবং পুরো বিষয়টির তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমানত হোসেন।

আরও পড়ুন মিরপুরে পাখির হাটে অভিযান, ৬১টি পাখি অবমুক্ত

পরে টঙ্গী পূর্ব থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫টি ময়না পাখি ও একটি টিয়া পাখি উদ্ধার করা হয়।

এ সময় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. ইব্রাহীম ও মাহিদুল ইসলাম নামের দুজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে।

টিটি/এমএমকে