কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে গেছ। এতে কুড়িগ্রামের সঙ্গে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
Advertisement
রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণ ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।
Advertisement
এছাড়া রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বাস, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে এবং দুর্ভোগের শিকার হতে হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে আসতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে লাইন থেকে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিযোগে তিস্তা স্টেশনে রওনা দেই। আমার মতো শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলমান রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
Advertisement
রোকনুজ্জামান মানু/এনএইচআর/এএসএম