রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে অভিযানটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করা দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রাস্তার ওপর পার্কিং করে রাখা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন জব্দও করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাঁদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
Advertisement
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, ‘নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং নগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালিত হবে।’
তিনি আরও বলেন, ‘নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীরা।
মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম
Advertisement