রাশিয়ার হামলার জবাবে সব ধরনের পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে ইউক্রেন। এর ধারাবাহিকতায় মস্কোর একটি তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলাকে সম্পূর্ণ ন্যায্য বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Advertisement
জেলেনস্কির ভাষায়, যদি পুতিন এই যুদ্ধ শেষ করতে না চান এবং তা চালিয়ে যেতে চান, তাহলে আমরা চুপ করে বসে থাকব না-আমরা জবাব দেব।
তিনি আরও বলেন, ইউক্রেন পুড়লে, মস্কোও জ্বলবে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, কিয়েভ-পেচেরস্ক লাভ্রা নামের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনায় রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় মস্কোর তেল শোধনাগারে এই আঘাত হানা হয়েছে। তিনি দাবি করেন, আগেই এ ধরনের প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
Advertisement
জেলেনস্কি বলেন, মস্কোর শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইউক্রেনের ড্রোন হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে যা উল্লেখযোগ্য সাফল্য।
রিপোর্ট অনুযায়ী, মস্কোর ওই তেল শোধনাগার শহরের জ্বালানি সরবরাহের বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং মস্কোর প্রধান বিমানবন্দরগুলোর জন্য জ্বালানি সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার জ্বালানি খাত, ব্যাংকিং ব্যবস্থা, অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান জেলেনস্কি। তার মতে, এতে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা হারাবে। রুশ জনগণের উচিত তাদের নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করা, যাতে যুদ্ধ বন্ধের পথে অগ্রসর হওয়া যায়।
সূত্র: ইউরো নিউজ
Advertisement
কেএম