দেশজুড়ে

বাংলাদেশ এগিয়ে চলছে বলেই অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বাংলাদেশ এগিয়ে চলছে বলেই অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ থাকুক এটা অনেকেই চায় না। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হোক এটা তারা চায় না। তাই চক্রান্ত-ষড়যন্ত্র করতে চায়।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের মাঝে রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‌‘যারা চক্রান্ত-ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই—খুনি হাসিনা সরকার ১৭ বছর চেষ্টা করেও বিএনপিকে দমন করতে পারেনি। আগামী দিনেও তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, চক্রান্ত-ষড়যন্ত্র করে সেই উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ।’

এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

Advertisement

নাজমুল হুদা/এসআর/জেআইএম