দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

Advertisement

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, নিহত দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম জানান, আহত আব্দুল কাদেরের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

হুসাইন মালিক/এসআর/জেআইএম