জাতীয়

মোবাইল ফোন নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, ধাওয়া করে ধরলেন পুলিশ সদস্য

রাজধানীর মিরপুরে এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ওই ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির পল্লবী ট্রাফিক পুলিশ। আটক ছিনতাইকারীর নাম আরমান হোসাইন (২৭)।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন যে কারণে চাকরি গেলো এডিসি সাকলায়েনের

ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, ট্রাফিক পল্লবী জোনের মিরপুর-১০ নম্বরের ব্যস্ততম ক্রসিংয়ের শাহ আলী মার্কেটের সামনে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন। ডিউটিরত অবস্থায় হঠাৎ এক নারীর চিৎকারের শব্দ শুনে তিনি দ্রুত এগিয়ে যান। এ সময় তিনি লক্ষ্য করেন এক ছিনতাইকারী এক নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন।

আরও পড়ুন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও চীন

পরিস্থিতি বুঝে সার্জেন্ট তুহিনুর রহমান তাৎক্ষণিক ছিনতাইকারীকে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে একপর্যায়ে ছিনতাইকারী তার হাতে থাকা ছিনতাই করা মোবাইল ফোনটি রাস্তা দিয়ে যাওয়া এক বাসের নিচে ছুড়ে ফেলে দিয়ে পালাতে থাকেন। এরপরও পুলিশ সার্জেন্ট পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ওই ছিনতাইকারীকে জাপটে ধরতে সক্ষম হন। এরপর বাসের নিচ থেকে ছিনতাই করা মোবাইল ফোন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হয়।

Advertisement

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ছিনতাইকারীকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কাফরুল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।

কেআর/কেএসআর